বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায়।
বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজন তৈরির চেষ্টা করা হলেও সরকার সে পথে বিশ্বাস করে না। বরং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মন্ত্রী বলেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।