১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বাংলাদেশের পাটের গুণগত মান ভারতীয় পাটের তুলনায় অনেক উন্নত।

বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয়।

এর আগে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন চৌহান। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, মাঠ পর্যায়ে পাটের মান পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও শোনেন তিনি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে পানির স্রোত বেশি থাকায় সেখানে স্রোতযুক্ত পানিতে পাট পচানো সম্ভব হয়, যা পাটের মান উন্নত করে।”

উল্লেখ্য, একসময় গঙ্গা তীরবর্তী অঞ্চলে ভারতের শত শত পাটকল গড়ে উঠলেও বর্তমানে অধিকাংশই বন্ধ বা দুর্বল অবস্থায় রয়েছে। দেশভাগের পর উন্নতমানের কাঁচা পাটের বড় অংশ বাংলাদেশে থেকে যাওয়ায় ভারতীয় পাটশিল্প বড় ধাক্কা খায়।

যদিও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ, তবুও কিছু নির্দিষ্ট কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট অধিক মানসম্মত হিসেবে বিবেচিত হয়।

এদিকে ভারতে বাংলাদেশি পাটের চাহিদা থাকলেও দেশটির সরকার কৃষকদের সুরক্ষার কথা বলে বিভিন্ন বিধিনিষেধ ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। ফলে দুই দেশের মধ্যে পাট বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে জটিল হয়ে উঠেছে।

Home R3