১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

টানা প্রবল বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কার্যালয়ের আশপাশের সড়ক পানির নিচে তলিয়ে গেছে এবং ভবনের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে।

রোববার (১২ জুলাই) সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে ডুবে রয়েছে। ঘোলাটে ও ময়লাযুক্ত পানিতে রাস্তা ও ফুটপাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় পথচারীরা জানান, টানা ভারী বৃষ্টিপাত এবং রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে।

সড়কের দুই পাশের বহুতল ভবন ও দোকানপাটের সামনের অংশও পানির নিচে বা পানির কাছাকাছি অবস্থায় রয়েছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।

জলাবদ্ধতার কারণে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় চড়ে কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Home R3