১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব চলবে না: বিজেপি মন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে আয়োজিত কর্মসূচি সামনে রেখে বিতর্কের সৃষ্টি হয়েছে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ-এর এক মন্তব্যকে কেন্দ্র করে।

আগামী ২১ জুন নরেন্দ্র মোদি-র পশ্চিমবঙ্গ সফর উপলক্ষে কলকাতার রেড রোড এলাকায় বড় আয়োজনের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক যোগ দিবসের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে রেড রোডে সাত দিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

তবে এই আয়োজন ঘিরে প্রশ্ন তুলেছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একাংশ। তাদের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজ রেড রোডে পড়ার অনুমতি না দিয়ে বিকল্প স্থানে পাঠানো হলেও একই স্থানে যোগ দিবসের আয়োজনের অনুমতি দেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ও যান চলাচলের বিষয় বিবেচনায় রেড রোড নির্বাচন করা হয়েছে।

তবে ঈদের নামাজের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। নাম উল্লেখ না করে সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ আদায় করতে পারেন—এ ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিক্রিয়া।

Home R3