যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বহির্ভাগ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অপসারণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা জানান, ফেডারেল আদালত নাম পরিবর্তনকে অবৈধ ঘোষণা করার পর ভবন ও প্রাঙ্গণে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুর নাগাদ ভবনের বাইরের অংশে থাকা একটি সাইন সাদা ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়, কারণ তখনও অপসারণের কাজ চলছিল।
এর আগে, কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ শেষ মুহূর্তে ট্রাম্পের নাম অপসারণ ঠেকাতে আদালতে আবেদন করেছিল। তবে বিচারক সেই আবেদন খারিজ করে দেন, ফলে নাম অপসারণের পথ সুগম হয়।
শুক্রবার (১২ জুন) রাতে এই শিল্পকলা কেন্দ্রের বাইরে বহু মানুষ জড়ো হন। কর্মীরা সাইনবোর্ড অপসারণের জন্য মাচা স্থাপন শুরু করলে উপস্থিত অনেকে উল্লাস প্রকাশ করেন। একই সঙ্গে হাজারো মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করেন।
ম্যাট ফ্লোকা এক বিবৃতিতে বলেন, বজ্রসহ বৃষ্টির কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাজটি বিলম্বিত হয়েছিল। তিনি জানান, অপসারণের কাজটি শনিবার ভোরের দিকে সম্পন্ন হওয়ার কথা ছিল।
গত মে মাসে এক রায়ে মার্কিন ডিসট্রিক্ট জাজ ক্রিস কুপার নির্দেশ দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ঐতিহাসিক ভবন থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। ২৯ মে দেওয়া ওই রায়ে বিচারক উল্লেখ করেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে।
রায়ের পর চলতি সপ্তাহের শুরুতেই কেনেডি সেন্টার তাদের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম সরিয়ে দেয়।
সূত্র: জিও নিউজ