১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে ব্যাপক বেগ পেতে হয়। এসব ব্যাটারির আগুন সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি তীব্র হওয়ায় তা নেভাতে কয়েকগুণ বেশি পানি প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হলেও হেলিকপ্টার দুটি সরাসরি পার্কিং লটে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। যদি এটি আবাসিক এলাকায় ঘটত, তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ভেতর পাঁচজন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। অপর হেলিকপ্টারটি ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে একমাত্র পাইলটের মরদেহ ছিল।

ব্রাজিলে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা নতুন নয়। দেশটির অ্যারোনটিক্যাল অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৮৪টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Home R3