বিশ্ববাজারে জনপ্রিয় ভারতীয় আম এবার একের পর এক দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ছে। জাপানের পর নেপালও ভারত থেকে আম আমদানি স্থগিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে জানানো হয়, এপ্রিল ও মে মাসে সীমান্তের বিভিন্ন কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারত থেকে আমদানি করা কয়েকটি চালানে নিরাপদ মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে নেপাল সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারতীয় আমের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
নেপাল সরকার জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। খাদ্যের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। এ কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে খাদ্য নিরাপত্তাজনিত উদ্বেগে জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাত—আলফানসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী—আমদানিতে বিধিনিষেধ আরোপ করে।
প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে নেপালে আমের চাহিদা বেড়ে যায়। স্থানীয় উৎপাদন সীমিত হওয়ায় দেশটি মূলত ভারত থেকেই বিপুল পরিমাণ আম আমদানি করে থাকে।
এদিকে নতুন এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের আম ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, ভারতীয় আমের সরবরাহ বন্ধ থাকলে বাজারে সংকট তৈরি হতে পারে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।