২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেতর থেকেই ভেঙে পড়ছে ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ক্রমবর্ধমান চাপ, সৈন্য সংকট এবং অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যার কারণে ‘ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির।

নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন বলে চ্যানেল ১৩ নিউজের বরাতে জানা গেছে। বৈঠকে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, আইডিএফের সামনে এখন ১০টি গুরুতর ‘লাল পতাকা’ রয়েছে। তার মতে, সেনাবাহিনীর কার্যক্রম সচল রাখতে হলে নতুন সেনা নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি সংক্রান্ত আইন এবং বাধ্যতামূলক সেনাসেবার মেয়াদ বাড়ানোর প্রয়োজন।

তিনি আরও বলেন, অচিরেই আইডিএফ তার নিয়মিত কাজ করতে পারবে না এবং রিজার্ভ ব্যবস্থাও টিকে থাকবে না।

এর আগেও সেনাপ্রধান একই ধরনের সতর্কতা দিয়েছেন। জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, সৈন্য সংকট দ্রুত সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে জানিয়েছে, তারা প্রায় ১২ হাজার সৈন্যের ঘাটতির মুখে রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের জুনে ইসরাইলের সর্বোচ্চ আদালত রায় দেন যে হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সামরিক সেবা অব্যাহতির কোনো আইনি ভিত্তি নেই। এর পর থেকে অতি-রক্ষণশীল ইহুদি গোষ্ঠীগুলো তাদের সম্প্রদায়কে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত না করার জন্য নতুন আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে।

বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার হারেদি পুরুষ সামরিক সেবার যোগ্য হিসেবে বিবেচিত হলেও তারা এখনো সেনাবাহিনীতে যোগ দেননি।

সূত্র: টাইমস অব ইসরাইল