বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের জেরে এবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং। তিনি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এ মামলা করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ও বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করে তার বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২, ১৫৩, ১৫৩(এ), ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
অভিযোগকারী আইনজীবী জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তিনি আরও বলেন, আগামী ৮ জুন হাইকোর্ট খোলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হবে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি ফোন পেয়েছিলেন।
তবে দেশের স্বার্থে সব তথ্য প্রকাশ করছেন না বলেও জানান তিনি। তার এই বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ