১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের একাধিক সূত্র তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে। তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন।

উনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

Home R3