যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৩ মে) গভীর রাতে হোনাউনাউ-নাপুপু এলাকায় এই কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের সময় আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া আগ্নেয়গিরি বিগ আইল্যান্ডে অবস্থিত এবং সেটিও নজরদারির মধ্যে ছিল।
ভূমিকম্পটি হাওয়াই, মাউই ও ওআহু দ্বীপসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় ২৩ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, কিলাউয়া আগ্নেয়গিরি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত করে আসছে। ইউএসজিএস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ মে’র মধ্যে আবারও অগ্ন্যুৎপাত হতে পারে।
সূত্র: ব্যাংকক পোস্ট