১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয়: কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গে ঈদুল আজহার আগে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আদালত মন্তব্য করেছে, গরু কোরবানি ঈদুল আজহার বাধ্যতামূলক অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে অপরিহার্যও নয়।

শুক্রবার (২২ মে) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধান বিচারপতি সুজয় পল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়।

আদালত জানায়, ২০১৮ সালের পূর্ববর্তী নির্দেশনার ভিত্তিতেই ২০২৬ সালের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে। ফলে এ সিদ্ধান্ত স্থগিত বা বাতিল করার মতো কোনো আইনগত ভিত্তি নেই।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষকে ‘নাজুক’ হিসেবে ঘোষণা এবং নির্ধারিত সনদপত্র ছাড়া জবাই করা যাবে না।

মামলার শুনানিতে আইনজীবীরা যুক্তি দেন, এই আইন মূলত কলকাতা ও নির্দিষ্ট পৌর এলাকার জন্য প্রযোজ্য ছিল, পুরো রাজ্যের জন্য নয়। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে প্রয়োজনীয় অবকাঠামো ও অনুমোদিত কর্মকর্তা রয়েছে যারা জবাইয়ের জন্য সনদ প্রদান করছেন। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, সনদ প্রদানের প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে এবং কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।

Home R3