১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী

বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী

বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও তা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্যই দেশের শক্তি, আর বিভাজনই সবচেয়ে বড় দুর্বলতা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের গৌরবোজ্জ্বল অবদান দেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

স্বাধীনতার ইতিহাস স্মরণ করে বাংলাদেশ-এর সরকারপ্রধান বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত দেশটি এখন ৫৫ বছরের পথচলা অতিক্রম করেছে। তবে উন্নয়নের পাশাপাশি এখনও নানা চ্যালেঞ্জ ও স্বার্থান্বেষী গোষ্ঠীর তৎপরতা বিদ্যমান রয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার উদ্যোগও ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

নারী নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও জনগণের স্বার্থে সরকার এখনো দাম বাড়ায়নি। বরং ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।