দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই—সরকারের এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক–এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি শুধুমাত্র গুজব বা সাধারণ বাজার সমস্যার ফল নয়; বরং এটি সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দুর্বলতা ও তদারকি ঘাটতির প্রতিফলন। একই সঙ্গে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদুল ইসলাম বলেন, সরকার বারবার জ্বালানি তেলের সংকট না থাকার কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তিনি মনে করেন, কার্যকর বাজার তদারকি ও সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি আরও জানান, স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে এই সংকট মোকাবিলায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এ সময় তিনি প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না করা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং কালোবাজারি বা অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানান। একই সঙ্গে কালোবাজারি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা জনগণকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জনগণের ভোগান্তি লাঘবে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন এই সংসদ সদস্য।