চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
সোমবার (৩০ মার্চ ) দুপুর ১.৩০ টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মাওলানা আবু তাহের নদভী প্রায় এক মাস পূর্বে গ্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন
মাওলানা আবু তাহের নদভী ২০২৪ সালে জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে চলমান জটিলতা ও বিরোধ নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত শূরা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নির্বাচিত হন। ২৭ সদস্যের মধ্যে ২০ জনের ভোটে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন এবং মাদরাসার অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মাওলানা আবু তাহের নদভী ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নাজির আহমদ। শৈশবেই তিনি পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার সূচনা করেন এবং কারী হারুনের কাছে কুরআন তিলাওয়াত ও প্রাথমিক ইসলামি জ্ঞান অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভারত ও পাকিস্তানে সফর করেন। দারুল উলুম দেওবন্দে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন। তিনি তাসাউফের ক্ষেত্রেও প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আধ্যাত্মিক খিলাফত লাভ করেন।
শিক্ষাজীবন শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন। সেখানে হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রশাসনিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন এবং দারুল ইকামার নাজিম হিসেবেও কাজ করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাদরাসার অধীন বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন।
তিনি একজন লেখক ও সম্পাদক হিসেবেও পরিচিত। চট্টগ্রাম থেকে প্রকাশিত মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দুরুসুল লুগাতুল আরাবিয়া, আমার দেখা লন্ডন, কওমি মাদরাসা কী ও কেন, হুম কৌন হ্যায় হামারি জিম্মেদারি ক্যা হ্যায় এবং তাজকিয়া এ শাহ আলী আহমদ বোয়ালভী।