রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১১ দিনে ৩৩টি শিশু মারা গেছে, অথচ হাসপাতালের পরিচালক আমাদের ভেন্টিলেটর সংকটের কথা জানাননি। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।
শনিবার রাজধানীর শাহবাগ এলাকায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক প্রথমে গণমাধ্যমের প্রতিবেদনকে “বাড়াবাড়ি” বলে দাবি করেন। তবে পরবর্তীতে তদন্তে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক।
সরকারি জটিলতার কারণে দ্রুত ভেন্টিলেটর সংগ্রহ কঠিন হওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি সহায়তায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কেনা হয়েছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।
চিকিৎসা সেবার মান ও নৈতিকতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন, তাই তাদের আচরণ ও দায়িত্ববোধ আরও উন্নত হওয়া জরুরি। তিনি অপারেশনের পর রোগীর শরীরে চিকিৎসা সামগ্রী রয়ে যাওয়ার মতো ঘটনার সমালোচনা করেন এবং অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
এছাড়া, কিছু চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি চিকিৎসা নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নিজের চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, ২০১৮ সালে পায়ের লিগামেন্ট ইনজুরির পর দেশে অস্ত্রোপচারের পরামর্শ পেলেও বিদেশে চিকিৎসা নিয়ে ব্যায়াম ও বিশেষ জুতার মাধ্যমে সুস্থ হন।
শেষে তিনি চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।