১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

৮১ ফুট রামমূর্তির ঘোষণায় আলোচিত সেই হরিদাস চন্দ্র গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত ১২ জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশ পরিচয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে এনে হাতকড়া পরিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে গ্রেফতার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মন্দির এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চলতি বছরের জুন মাসে পলাশবাড়ীতে দেশের বৃহত্তম রামমূর্তি স্থাপনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হরিদাস। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় জুনের শেষভাগে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে মূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতেই স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সাধারণ মানুষের সাথে প্রতারণা, ধর্মীয় উসকানি, মন্দির ও শ্মশানের জমি দখল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে ২০১৮ সালেও একটি বড় ধরনের প্রতারণা মামলায় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। বর্তমানে মানি লন্ডারিং মামলার তদন্তের পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Home R3