মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার ঝুঁকির কারণে এসব দেশে আপাতত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির বিভিন্ন দূতাবাস।

সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

সতর্কতা জারি করা দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরাইল।

বিবৃতিতে এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখা এবং সংশ্লিষ্ট মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতির আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরবে হুতিদের হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এসব হামলায় প্রাণহানি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানানো হয়।

মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়েছে। লেবাননে অবস্থানরত নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনে অবস্থানরত নাগরিকদের ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এ ছাড়া মার্কিন নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধন, স্থানীয় সংবাদমাধ্যমের খবর পর্যবেক্ষণ, কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং ফোন সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে চলাচলের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Home R3