২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির

ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, সরকার চাইলে আন্দোলনস্থলেই অথবা নিরপেক্ষ কোনো স্থানে বৈঠক করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপিকে আলোচনায় আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাব নাকচ করে দেন।

সিজেপির নেতা অশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন জনরোষের কারণে তারা আন্দোলনস্থল যন্তর মন্তর-এ আসতে পারবেন না। এ প্রেক্ষিতে তিনি বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না।”

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত তরুণ নেতাদের উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি এবং জে.পি. নাড্ডা সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত।

তবে সিজেপি তাদের অবস্থানে অনড় রয়েছে। দলটির নেতারা স্পষ্ট করেছেন, সরকারের সঙ্গে তারা কেবল নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবেন।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাময়িক বিশ্রাম নিলেও সন্ধ্যার মধ্যে আবার আন্দোলনস্থলে ফিরবেন।

অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাতে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া জনতাকে আটকাতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোঁড়া হয়।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন অভিজিৎ দীপকে। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান, আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

সূত্র: দ্য হিন্দু