২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শীঘ্রই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে আফগানিস্তান

আফগানিস্তানের আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিরওয়াইস আজিজি এবং তার কারিগরি দলের সাথে বৈঠক করেছে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

মিরওয়াইস আজিজি জানান, ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব কারিগরি সরঞ্জাম কোম্পানি সংগ্রহ করেছে। খুব শিগগির এসব সরঞ্জাম আফগানিস্তানে আনার কাজ শুরু হবে। তিনি আরও জানান, ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য একটি বড় হাসপাতাল নির্মাণের কাজও অদূর ভবিষ্যতে শুরু করা হবে।

বুধবার (২২ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরটিএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

বৈঠকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে গঠিত কারিগরি কমিটি একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে ইসলামিক আমিরাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়, তিনটি সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করা হয়েছে।

প্রকল্পগুলো হলো :

১। কাবুল প্রদেশের নাগলু এলাকায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প।
২। পারওয়ান প্রদেশের বারিকাব এলাকায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প।
৩। গজনি প্রদেশে ১৩১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প।

কারিগরি কমিটি জানিয়েছে, এসব প্রকল্পের বাস্তবায়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু হয়েছে।

এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কারিগরি আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে তাখার প্রদেশে ১৬৫ মেগাওয়াট এবং বাগলান প্রদেশে ৩৫০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, নাগলু ও গজনিতে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ এবং কাবুলের তারাখেল এলাকা থেকে সানায়ে সাবজ (গ্রিন ইন্ডাস্ট্রিজ) পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণ।

কমিটি জানিয়েছে, এসব প্রকল্পের কারিগরি আলোচনা খুব শিগগির শেষ হবে। পাশাপাশি প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে কিছু সুপারিশও দেওয়া হয়েছে।

মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ কমিটির অগ্রগতির প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অসম্পন্ন কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ করে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে।

তিনি আজিজি এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে প্রকল্পগুলো সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামিক আমিরাত কোম্পানিটির সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Home R3