ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহে বাস্তুচ্যুত পরিবারের তাঁবু লক্ষ্য করে গুলি চালিয়ে ৯ বছর বয়সী এক শিশু ও তার মাকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সামরিক বাহিনী। নিহতরা হলেন শিশু ইসরা আল-হিসি এবং তার মা আমিনা আল-হিসি (৫০)। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আরব ৪৮-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি তাঁবুর ভেতরে বসে পুতুল নিয়ে খেলছিল শিশু ইসরা। এ সময় তাঁবুগুলো লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে ইসরাইলি বাহিনী। এতে সরাসরি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইসরা। একই ঘটনায় তার মা আমিনা আল-হিসি গুরুতর আহত হন এবং কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইসরার বোন মারওয়া আল-হিসি জানান, অবিরাম গুলির মধ্যে রক্তাক্ত ছোট বোনকে তাঁবু থেকে টেনে বের করার চেষ্টা করছিলেন তিনি। তখনো তাদের মাথার ওপর দিয়ে গুলি ছুটে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তাঁদের মা আমিনা আল-হিসিকেও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন।
বোনের স্মৃতিবিজড়িত পুতুলটি হাতে তুলে ধরে মারওয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা ওর খেলার পুতুল। নিপীড়ক দখলদার এবং পুরো বিশ্বের নীরব দর্শকের উদ্দেশ্যে এটি তুলে ধরছি, যেন তারা এই নিষ্ঠুরতা দেখতে পায়।”
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাও দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে শিশু ইসরা আল-হিসির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। পরবর্তীতে স্থানীয় আল-আকসা শহীদ হাসপাতালে মা ও মেয়ের জানাজা শেষে শেষ বিদায় জানানো হয়।