৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক

আদালতে হাজির করার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। কারাগার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রিজনভ্যানটি দুর্ঘটনার শিকার হয়, এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এদিকে একই দিনে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ২১ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়। এদিন আদালতে জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খান-কে হাজির করা হয়।

আদালত থেকে নামানোর সময় পলক তার আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখির কাছে দুর্ঘটনার বিষয়টি তুলে ধরেন এবং চিকিৎসা সেবা পাওয়ার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান। তিনি আহত হয়েছেন দাবি করে প্রয়োজনীয় চিকিৎসার আবেদন করেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।