২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার কারণে আমি রাতে ঘুমাতে পারি না: ন্যাটোপ্রধান

ন্যাটোপ্রধান মার্ক রুটে তাদের জোটের জন্য রাশিয়াকেই প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই বিষয়টি তাকে রাতে ঘুমাতেও দিচ্ছে না। বুধবার (১ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৭-৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মার্ক রুটে বলেন, “সাধারণত আমি রাতে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যদি কোনো কিছু আমাকে জাগিয়ে রাখে, তবে তা হলো রাশিয়া।”

তিনি আরও বলেন, চীনও দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং ২০৩০ সালের মধ্যে দেশটির এক হাজার পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তবে তার মতে, বর্তমান ও দীর্ঘমেয়াদে রাশিয়াই সবচেয়ে বড় হুমকি।

ন্যাটোপ্রধান জানান, ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা জোটের অন্যতম অগ্রাধিকার। আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে গত বছর হেগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক-শিল্প খাতকে শক্তিশালী করা। তার মতে, সামগ্রিক পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বৃদ্ধি করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ন্যাটো প্রতিরক্ষা শিল্প ফোরামে এ বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে।

Home R3