বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হয়েছে।” গত পূজায় জামায়াত নেতাদের পূজামণ্ডপে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোট এলে বেহেশতের লোভ দেখানো ও পূজামণ্ডপে যাওয়া হয়, কিন্তু ভোটের পর জনগণের খোঁজ নেওয়ার সময় তাদের থাকে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, “গত পূজায় যেভাবে ঢাকের তালে নাচলেন, এবার কেন গেলেন না? তারা মৌসুমি রাজনীতিবিদ। ভোট এলে বেহেশতের লোভ দেখান, পূজামণ্ডপে যান, কিন্তু ভোটের পর জনগণের খোঁজ নেওয়ার সময় তাদের থাকে না।”
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করছে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেই পাঁচ বছর পর আবার ভোট চাইতে যাবেন তারা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ নেই। সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।