১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এ পর্যন্ত ৪,১১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬,৭৪০ জন। হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি দুর্যোগ-পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

তিনি জানান, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ৮৬,৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানান তিনি।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে হোর্হে রদ্রিগেজ বলেন, দুর্গত এলাকায় ৯,৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী ও ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৯,৯৬৬ জন আহত ও অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতদের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কাজে বর্তমানে ৩০ হাজারের বেশি সরকারি কর্মী, প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক এবং ৩,৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এদিকে মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ১,১৭১টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ভয়াবহ এই বিপর্যয় মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3