ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, বাতিল ১০৩ এনওসি

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। এর ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। নতুন করে আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার ১০৩টি এনওসি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দরের কোয়ারেন্টিন ও মৎস্য মান নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পান।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভারত থেকে ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে বুধবার পর্যন্ত ৫৩৫ টন ইলিশ এসেছে। আমদানি করা এসব ইলিশ ভারতের গুজরাটের ভারুচ এলাকা থেকে এসেছে।

এর আগে ইলিশসহ রুই, কাতলা, আইড় ও বোয়ালের মতো দেশীয় মাছ আমদানি বন্ধ করে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর সুপারিশ করেছিল মৎস্য অধিদপ্তর। ২০২৫ সালের ১২ অক্টোবর মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দেশীয় মাছ আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি ইলিশ উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

তবে ইলিশসহ দেশীয় মাছ আমদানি পুরোপুরি বন্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য বিধি বাধা হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেডের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সদস্য দেশগুলো কোনো পণ্যের আমদানি-রপ্তানিতে ঢালাও পরিমাণগত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না।

Home R3