জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সরকার গঠনের পর থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। মূল্যবৃদ্ধির পর সেই সংকট স্বাভাবিক হয়ে যায় উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন খাতে পড়বে। এর ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত মূল্যবৃদ্ধির চাপ তৈরি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাসের সংকটও দেখা যাচ্ছে। এ সংকটকে কেন্দ্র করে গ্যাসের দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা রয়েছে। যেকোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের আগে সরকারকে এর যৌক্তিকতা ও স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, সরকার চার কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছে। তবে সাধারণ মানুষের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতি বন্ধ এবং মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুফতি শরাফত হুসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা শরিফুজ্জামান জসিম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ হুসাইন, নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হুসাইন এবং যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ওমর মাতবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

Home R3