৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র মন্ত্রিসভার এক সদস্য পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাঞ্জাবের বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সম্প্রতি তার রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার পরই তিনি এ সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি (আপ) শাসিত এই রাজ্যে বিজেপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের পাশাপাশি নিজের রাজ্য পাঞ্জাবের মানুষের সেবা করা তার জন্য বড় সৌভাগ্যের। ভবিষ্যতেও জনসেবায় সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য তাকে মনোনীত করা হয়।

Home R3