ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে প্রায় এক হাজার দমকলকর্মী এবং পানি ছিটানোর উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকায় ছড়িয়ে পড়ে।
মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। আবহাওয়া ও বাতাসের গতি বিবেচনায় এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’
তিনি জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ এবং পার্শ্ববর্তী সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক বাসিন্দাকেও নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
প্রিফেকচারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে দাবানলের কারণে ২ হাজার ৩০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই অঞ্চলে ভয়াবহ বন দাবানলের ঝুঁকি তৈরি হয়েছে।
সিমন বার্ব্রে বলেন, আগুনের বিস্তার ঠেকাতে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক তৈরির কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে বিমান ও উদ্ধারকর্মীরা।
এএফপির এক সাংবাদিক জানান, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশজুড়ে ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ দেখা গেছে।
এদিকে ভার অঞ্চলের অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান এরিক গ্রোহিন বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আগুন নিয়ন্ত্রণে আনা।’ তিনি জানান, ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন।