লেখিকা ও কলামিস্ট ই. জিন ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
যৌন নিপীড়ন ও মানহানির মামলায় জুরি বোর্ড ট্রাম্পকে দায়ী সাব্যস্ত করার পর বুধবার (৮ জুলাই) নিউইয়র্কের ফেডারেল বিচারক লুইস কাপলান এই নির্দেশ দেন।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে ২০২৩ সালের মে মাসে দেওয়া রায় চূড়ান্ত হিসেবে কার্যকর হয়। ওই রায়ে যৌন নিপীড়নের জন্য ২০ লাখ ডলার এবং মানহানির জন্য ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের চেঞ্জিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেন ক্যারল। ২০১৯ সালে প্রকাশিত এক বইয়ে বিষয়টি তুলে ধরলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে তাকে ‘উন্মাদ’ বলে মন্তব্য করেন। এরপরই মানহানির মামলা করেন ক্যারল।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালে জুরি বোর্ড ট্রাম্পকে দায়ী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।
সর্বশেষ আদেশে আদালত ট্রাম্পকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পাশাপাশি নির্ধারিত সুদ দেওয়ার নির্দেশও দিয়েছে।
এদিকে, ২০২২ সালে দায়ের করা আরেকটি মানহানি মামলায় ক্যারলের পক্ষে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দেওয়া হলেও এর কার্যকর প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে।
অন্যদিকে, ক্যারলের বিরুদ্ধে শপথ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পৃথক একটি তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।