জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক করতে সংস্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের সক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস এবং সংস্থাটির প্রতিষ্ঠার ৮১তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোসিয়ালে (NSosyal) এরদোগানের বার্তাটি প্রকাশ করে।
বার্তায় এরদোগান বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও দায়িত্ব আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করতে সক্ষম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো প্রতিষ্ঠা করা এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
চলমান যুদ্ধ, মানবিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, ক্ষুধা, দারিদ্র্য, বর্ণবাদ, বিদেশিবিদ্বেষ ও ইসলামবিদ্বেষের মতো বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এরদোগান বলেন, এসব বিষয় জাতিসংঘের প্রয়োজনীয়তা এখনো বিদ্যমান থাকার বিষয়টি স্পষ্ট করে।
তিনি বলেন, দুটি বিশ্বযুদ্ধের পর “পরবর্তী প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করার” লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
গাজ্জার প্রসঙ্গ তুলে এরদোগান বলেন, “গণহত্যায়” ৭৪ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে চলমান সংঘাতগুলো জাতিসংঘে সংস্কারের প্রয়োজনীয়তা কতটা জরুরি, তা স্পষ্ট করে।