রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রভাবে ইসরাইল থেকে নাগরিকদের দেশত্যাগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
গবেষণা অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ২ লাখ ৬৮ হাজার ৫০৯ ইসরাইলি নাগরিক তিন মাস বা তার বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন। এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরাইলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এ তথ্য প্রকাশ করেছে।
সমীক্ষা বলছে, ২০২৩ সালে দেশ ছাড়েন ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন। অর্থাৎ, তিন বছরে গড়ে বছরে প্রায় ৯০ হাজার মানুষ দীর্ঘ সময়ের জন্য ইসরাইল ত্যাগ করেছেন। যেখানে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল বছরে গড়ে প্রায় ৬০ হাজার।
গবেষণায় আরও দেখা গেছে, চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের দেশত্যাগের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, জ্ঞানভিত্তিক ও উচ্চপ্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য এটি দীর্ঘমেয়াদে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এই গবেষণা প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরান অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ওই সময় থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
সরকারি হিসাবে, বর্তমানে ইসরাইলের মোট জনসংখ্যা প্রায় এক কোটির বেশি। সংশ্লিষ্টদের মতে, দেশত্যাগের এই প্রবণতা অব্যাহত থাকলে তা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: টাইমস অব ইসরাইল