১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তার ভাষায়, যে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার ক্ষমতায় এসেছে, সেই একই প্রক্রিয়ার ভিত্তিকে অস্বীকার করা হলে সরকারের সাংবিধানিক ও রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।রাজনৈতিক সংবাদ

বক্তব্যে সারজিস আলম বলেন, ‘যদি গণভোট বৈধ না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে যে সরকার গণভোটের ভিত্তিতে ক্ষমতায় এসেছে, তাদের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। এক মায়ের পেট থেকে জন্ম নেওয়া দুই সন্তান একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না।’

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে মানুষ কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য রাজপথে নামেনি। আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থায় মৌলিক সংস্কার এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা। সেই আন্দোলনের অন্যতম ভিত্তি ছিল গণভোট ও জুলাই সনদ। তাই জনগণের প্রত্যাশা পূরণে এসব অঙ্গীকার বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

Home R3