মুন্সীগঞ্জ সদর উপজেলার রাকিরকান্দি এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ইমাম আবু হানিফা জামে মসজিদ বিলীন হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ আদায় করে মুসল্লিরা বাড়ি ফেরার পর শনিবার ফজরের নামাজে এসে দেখেন, মসজিদটি আর নেই। বর্তমানে মসজিদের মুসল্লিরা মাঠে নামাজ আদায় করছেন।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় দেওয়ানকান্দি, রাকিরকান্দি ও পূর্বরাখী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলেও স্রোতে তা ধসে পড়েছে। মাদানী কমপ্লেক্স মাদ্রাসার বেশ কিছু অংশ ও প্রায় ১০০ শতাংশ জমিও ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খালেক সাইফুল বলেন, প্রায় পাঁচ বছর ধরে এ এলাকায় নদীভাঙন চলছে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক নুর মহল আশরাফী। এ সময় ভাঙনরোধে ৪০০ মিটার এলাকায় বালুর বস্তা ফেলে অস্থায়ী বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, পদ্মায় পানির স্রোত বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে সাধ্যমতো কাজ চলছে।