ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দেওয়া ২২৭ জন ভারতীয় নাগরিকের মধ্যে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরগিজস্তান সফর উপলক্ষে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান, বিষয়টি নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে।
রুশ বাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের হালনাগাদ তথ্য জানিয়ে বিক্রম মিশ্রী বলেন, “সর্বশেষ হিসাব অনুযায়ী আমাদের কাছে থাকা তথ্যমতে ২২৭ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৩৯ জন ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”
তিনি আরও জানান, মস্কোয় নিযুক্ত ভারতীয় দূতাবাস রুশ বাহিনীতে থাকা বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত অব্যাহতি নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনার পরিস্থিতি নিয়মিত তদারকি করছে।
অবশিষ্ট নাগরিকদের যত দ্রুত সম্ভব পরিবারের কাছে ফিরিয়ে দিতে ভারত সরকার রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র সচিব।
সূত্র: এনডিটিভি