২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় তার নামে পরিচালিত হিসাবের বিস্তারিত তথ্য তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার প্রাসঙ্গিক ধারা অনুযায়ী এই তথ্য চাওয়া হয়েছে। নির্দেশনায় তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) নথি, লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট সব দলিলপত্র পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার ও অসহযোগ আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক অভিযোগগুলো পর্যালোচনা করছে।

Home R3