১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ০৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে উৎপত্তিস্থলের আশপাশে থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর স্থানাঙ্ক ৩৭.৮০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৫৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থলের আশপাশের এলাকার গড় উচ্চতা প্রায় ৪,৩০২ মিটার।

ঘটনার পর চীন ভূমিকম্প প্রশাসন দ্রুত তিন নম্বর স্তরের জরুরি প্রতিক্রিয়া (লেভেল-থ্রি) চালু করেছে। প্রশাসনের প্রধান ওয়াং কুন জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করে আফটারশক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বাড়ানোর নির্দেশ দেন, যাতে সম্ভাব্য ঝুঁকি দ্রুত মোকাবিলা করা যায়।

এদিকে, ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার একটি বিশেষ দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করছে।

সূত্র: চায়না ডেইলী

Home R3