১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় ডিম নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) বিকালে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সভা শুরু হওয়ার আগেই যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। অপরদিকে এনসিপির সমর্থকরাও অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে পুলিশ তিনজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ সভাস্থলে প্রবেশ করে বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন তাকে অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

এ বিষয়ে এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Home R3