১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন রণতরীতে সৈন্যদের মাঝে অভ্যন্তরীণ সংঘাত, নিহত ৭

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এ সৈন্যদের মাঝে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই হাতাহাতি ও সংঘর্ষে মার্কিন নৌবাহিনীর অন্তত সাতজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা সৈন্যদের অসন্তোষের জেরে এই সংঘাতের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

আরেক ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, রণতরীটি টানা দীর্ঘদিন ধরে মোতায়েন থাকায় সম্প্রতি সৈন্যদের পরিবারগুলো প্রতিবাদ জানাতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতি ও নানা অভিযোগ নিয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) প্রধানের একজন উপদেষ্টা রণতরীটিতে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় ক্ষুব্ধ সৈন্যরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া’ স্লোগান দেওয়ার পাশাপাশি পানির বোতল ছুড়ে মারেন। একপর্যায়ে কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হাতাহাতি এবং পরবর্তীতে ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

প্রতিবেদন অনুযায়ী, রণতরীটির অভ্যন্তরীণ পরিবেশ এখনও বেশ উত্তপ্ত ও অস্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর টানা ২৬৩ দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরীটি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে। গত জুলাই মাসে ওমানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি বাদ দিলে এটি কোনো মার্কিন বিমানবাহী রণতরীর টানা সবচেয়ে দীর্ঘ মোতায়েনের নতুন রেকর্ড।

Home R3