৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, অমান্য করলেই বহিষ্কার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে নিয়ে বিদ্যালয় সীমানার ভেতরে প্রবেশ করতে পারবে না। আদেশ অমান্য করে স্কুল চলাকালীন কারও কাছে মোবাইল পাওয়া গেলে তাকে সরাসরি বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু।

প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ভালো ফলাফল নিশ্চিত করা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি এই নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের এমন সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে বইয়ের টেবিলে আনতে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিভাবক জামাল মিয়া সন্তোষ প্রকাশ করে জানান, সারাক্ষণ ডিভাইসে ডুবে থাকায় সন্তানদের পড়ালেখার ব্যাপক ক্ষতি হচ্ছিল। অন্তত স্কুল চলাকালীন এই নিষেধাজ্ঞা তাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম জানান, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ বিবেচনায় রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Home R3