বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১০ আগস্ট হালনাগাদ করা সতর্কবার্তায় কানাডা সরকার জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে।
বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এ কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ বহাল রেখেছে কানাডা। সেখানে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে থাকা কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ নির্দেশনা যাচাই করতেও বলা হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে দুই দফা ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার।