২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত?

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

নতুন নির্ধারিত ভাড়ায় রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

গাবতলী রুট:
ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। একইভাবে রংপুর রুটে ৫১ আসনে ৭৫১ টাকা ও ৪০ আসনে ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুর রুটে ৫১ আসনে ৯৭৪ টাকা এবং ৪০ আসনে ১,২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গাবতলী থেকে ঝিনাইদহ রুটে ৫১ আসনে ৫০১ টাকা ও ৪০ আসনে ৬৩৯ টাকা, রাজশাহী রুটে ৫১ আসনে ৭৭৭ টাকা ও ৪০ আসনে ৯৯১ টাকা এবং মেহেরপুর রুটে ৫১ আসনে ৭৭৬ টাকা ও ৪০ আসনে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ রুট:
ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার রুটে ৫১ আসনে ৯০০ টাকা ও ৪০ আসনে ১,১৪৭ টাকা।

সিলেট রুটে ৫১ আসনে ৫৮০ টাকা ও ৪০ আসনে ৭৪০ টাকা, বরিশাল রুটে ৫১ আসনে ৪৬৪ টাকা ও ৪০ আসনে ৫৯২ টাকা এবং খুলনা রুটে ৫১ আসনে ৫৪১ টাকা ও ৪০ আসনে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহাখালী রুট:
ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনে ২৯৪ টাকা ও ৪০ আসনে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জামালপুর রুটে ৫১ আসনে ৩৮৬ টাকা ও ৪০ আসনে ৪৯২ টাকা, শেরপুর রুটে ৫১ আসনে ৪২১ টাকা ও ৪০ আসনে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৫১ আসনে ৪০১ টাকা ও ৪০ আসনে ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়, যার প্রভাব পড়েছে পরিবহন খাতে।