২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় বাস-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ উম্পুমালাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে একটি মিনিবাস ট্যাক্সি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

উম্পুমালাঙ্গা ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি, সিকিউরিটি অ্যান্ড লিয়াজোঁর তথ্য অনুযায়ী, নিহতদের সবাই মিনিবাস ট্যাক্সির যাত্রী ছিলেন, যার মধ্যে চালকও রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল, যার কারণে দৃশ্যমানতা কমে যায় এবং সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়। ঘটনাস্থলেই ৮ জন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

অন্যদিকে বাসের চালক সামান্য আহত হন এবং বাসের এক যাত্রী অক্ষত অবস্থায় বেঁচে যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে বেপরোয়া বা অবহেলাজনিত ড্রাইভিংয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Home R3