৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় ঘুরে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিকে সরকারের ‘গণবিরোধী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার দুই বছর দাম না বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র তিন মাসের ব্যবধানে মূল্যবৃদ্ধি করে জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে জনগণের ক্ষোভের মুখে সরকারকে পড়তে হবে।

তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে প্রান্তিক ও দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতি ও অপচয় বন্ধ না করে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

জামায়াত নেতারা দাবি করেন, আন্তর্জাতিক সংস্থার চাপের কারণে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর না হয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। এতে পাইকারি পর্যায়ে গড়ে ১৯.৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩.৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম জুন থেকে কার্যকর হয়েছে।

Home R3