২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

উত্তর চীনের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত খনিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এখন পর্যন্ত শতাধিক আহতকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের দ্রুত চিকিৎসা এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, খনির কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। অতীতে এই অঞ্চলে একাধিক বড় খনি দুর্ঘটনার ঘটনা ঘটলেও সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

সূত্র: বিবিসি

Home R3