৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বাড়ছে: মাওলানা মুত্তাকী

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে মাওলানা মুত্তাকী জানান, আফগানিস্তান সাফল্যের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলেছে। এর পাশাপাশি ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গেও কূটনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে।

আফগানিস্তানে নারী ও মেয়েদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারীরা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এছাড়া নারীশিক্ষার বিষয়ে তিনি জানান, দেশের মেয়েরা বর্তমানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটেও আফগানিস্তানজুড়ে ৩০ লাখেরও বেশি মেয়ে নিয়মিত স্কুলে গিয়ে পড়াশোনা করছে।

Home R3