ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১০ নভেম্বর বা এর পরপরই রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন।

বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুতিন ও উইটকফের মধ্যে এটি ছিল নবম সরাসরি বৈঠক। প্রায় তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়।

বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। রাশিয়ায় আটক হাবার্ডকে মুক্তি দেওয়ার জন্য ট্রাম্প পুতিনের কাছে অনুরোধ জানিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছে, নতুন করে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা কারিগরি পর্যায়ে হতে পারে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

তবে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে নেওয়া, ইউক্রেনের ন্যাটোতে যোগদান ঠেকানো এবং সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে পূর্ণাঙ্গ শান্তিচুক্তির মতো অবস্থান থেকে সরে আসার কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও উত্থাপিত বিষয়গুলো রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।

Home R3