সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২৪’ অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ জনগণ, তরুণ ছাত্রসমাজ, যুবসমাজ ও শ্রমজীবী মানুষ বারবার আত্মত্যাগের মাধ্যমে যে অর্জন জাতির হাতে তুলে দেয়, তা কিছু লুটেরার হাতে হারিয়ে যায়। এবারও সেই ‘২৪’ অর্জনকে নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আল্লাহর কসম, জীবন দেবো কিন্তু ‘২৪’-কে হারিয়ে যেতে দেবো না।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই অর্জনকে স্বীকার করতে কেন এত অনীহা বা হীনমন্যতা কাজ করছে।
শহীদ পরিবার ও আহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বহু মানুষ প্রাণ দিয়েছেন, অনেকেই এখনো আহত অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের প্রতি জাতির দায়বদ্ধতার কথাও তুলে ধরেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ‘২৪’-এর অবদান না থাকলে বর্তমান রাজনৈতিক অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না। তিনি দাবি করেন, এই অর্জনের কারণেই আজ তিনি সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন।