১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যের উত্তাল সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। সাধারণত কোনো যুদ্ধজাহাজকে সর্বোচ্চ ৬ মাসের জন্য মোতায়েন করা হলেও অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় এতে কর্মরত প্রায় ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তাঁদের পরিবারের সদস্যরা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, গত আট মাসে এই রণতরি থেকে ১০ হাজারের বেশি বার যুদ্ধবিমান উড্ডয়ন পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিয়মিত হুমকি ও হামলা প্রতিহত করতে গিয়ে সেনাদের সার্বক্ষণিক চরম মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘ সময় বিরতিহীন উত্তেজনাকর পরিস্থিতির কারণে সেনাদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে এবং তাঁরা আত্মহত্যার ঝুঁকিতে পড়ছেন বলে দাবি করেছেন অনেক স্বজন।

জাহাজে থাকা এক নাবিকের বাবা জেফারসন কেলি জানান, পুরোনো এই রণতরি সচল রাখতে সেনাদের দিনরাত অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এত দীর্ঘ সময় তাঁদের ফেলে রাখা অনুচিত হয়েছে উল্লেখ করে তিনি ছেলেকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।

রণতরিটির অভ্যন্তরীণ প্রতিকূল পরিবেশ নিয়ে মার্কিন রাজনীতিকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। জাহাজে বিশুদ্ধ পানির সংকট, স্যানিটেশন সমস্যা এবং সেনাদের মানসিক কষ্টের অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জবাবদিহি চেয়েছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

তবে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এবং নৌবাহিনী এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের কারণে রসদ পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও জাহাজে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভালো খাবারের কোনো ঘাটতি নেই। তাছাড়া সেনাদের মানসিক সহায়তায় জাহাজে চিকিৎসক ও কাউন্সিলর মোতায়েন রয়েছে এবং আত্মহত্যার ঝুঁকির খবরটি ভিত্তিহীন।

নৌবাহিনীর এমন আশ্বাসে স্বজনদের অসন্তোষ কাটেনি। পরিস্থিতি সামাল দিতে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামের আরেকটি রণতরি আব্রাহাম লিংকনের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের পথে রওনা হয়েছে। তবে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে আব্রাহাম লিংকন-এর যুক্তরাষ্ট্রে ফিরে যেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।

Home R3