২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না চলমান ছাত্র আন্দোলন। বরং নতুন করে তিন দফা দাবি উত্থাপন করেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ জুলাই) বিকেলে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, শুধুমাত্র মন্ত্রীর পদত্যাগে আন্দোলনের ইতি টানা সম্ভব নয়; প্রশ্নফাঁস ও আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোর পূর্ণাঙ্গ জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি দাবি করেন, আন্দোলনের প্রেক্ষাপটে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তার ভাষায়, প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

এছাড়া, গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে ওই দিন বা পরবর্তীতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানায় সংগঠনটি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে প্রশ্নফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিস্তৃত আকার ধারণ করে।

গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এতে বহু শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর থেকেই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

Home R3